রাজধানীর লালবাগ থানায় দায়ের করা আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তার দুই দিনের রিমান্ড আবেদন ও জামিন আবেদন উভয়ই নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর এই নির্দেশ দেন।
আদালতের আদেশ শেষে শিরীন শারমিন চৌধুরীকে যখন প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আদালত প্রাঙ্গণে উপস্থিত আওয়ামী-পন্থি আইনজীবীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় তাদের ‘শিরীন শারমিন ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলেও স্লোগান দিতে দেখা যায়।
এর আগে দুপুর ২টার দিকে কড়া নিরাপত্তায় তাকে সিএমএম কোর্টের হাজতখানায় নিয়ে আসা হয়। তার আগে আজ ভোরে শিরীন শারমিন চৌধুরীকে ধানমন্ডিতে তাঁর এক আত্মীয়ের বাসা থেকে আটক করা হয়েছে।